১৩৮ কোটি টাকার বাজেট নিয়ে কাল ফের বাফুফের সভা
ছবি: সংগৃহীত
২০২৬ সালের বাজেট নিয়ে বাফুফেতে সভার পর সভা চলছেই। রোববার নির্বাহী কমিটির সভায় বাজেট অনুমোদন হয়নি। পরের দিন ফিন্যান্স কমিটির সভায় বসতে হয়েছে। আজ নির্বাহী কমিটির বিশেষ সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সেই সভাতেও পুরোপুরি সুরাহা হয়নি। তাই আগামীকাল ফের অনুষ্ঠিত হবে সভা।
বাফুফে ২০২৬ সালের জন্য ১৩৮ কোটি টাকার বাজেট তৈরি করেছে। বাফুফের বাৎসরিক বাজেট সাধারণত ৬০-৭০ কোটি টাকার মধ্যে থাকে। এবারই প্রথম সেটা শতকের অঙ্ক পার করেছে। ১৩৮ কোটি টাকার মধ্যে ৬৮ কোটি টাকা ধরা হয়েছে কক্সবাজারে ফিফা ট্যাকনিক্যাল সেন্টারের জন্য।
ফিফা ট্যাকনিক্যাল সেন্টার একটি বিশেষ প্রকল্প। সরকার থেকে জমির বিষয়টি নিষ্পত্তি হলে বাফুফে কক্সবাজারে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ফিফা থেকে অনুদান পাবে। তবে জমির বিষয়টি এখনও নিশ্চিত না হওয়ায় ফান্ড পাওয়া অনিশ্চিত। তাই ৬৮ কোটি বাদ দিলে মূলত ৭০ কোটি টাকাই বাফুফের ২০২৬ সালের বাজেট।
বাফুফের নির্বাহী সভায় প্রথম দিন বাজেট উথাপিত হয়েছিল ফিন্যান্স কমিটির অনুমোদন কিংবা সুপারিশ ছাড়াই। অন্য সদস্যগণ বাজেট পর্যালোচনার সুযোগ পাননি। বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা কেন প্রক্রিয়া অনুসরণ করেননি এই জেরার মুখে পড়েছিলেন। পরের দিন ফিন্যান্স কমিটির সভার পর আজ নির্বাহী কমিটির বিশেষ সভা ছিল বাজেট অনুমোদন নিয়েই। আজকের অনলাইন সভায় গুরুত্বপূর্ণ দুই জন সহ-সভাপতি অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতিতে বাকিরা বাজেট নিয়ে তেমন আপত্তি বা মতামত দেননি। গতানুগতিক ধারায় পাশ পাশ বলেছেন দুই-তিন জন সদস্য।
অনলাইন সভায় যোগদানের জন্য বাফুফে স্টাফরা নির্বাহী কমিটির ব্যক্তিবর্গের লিঙ্ক দেন। সেই লিঙ্ক পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল মিটিং চলাকালে সহ-সভাপতিদের যোগদানের অপেক্ষায় ছিলেন। এরপরও তারা সংযুক্ত হতে পারেননি। সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রেক্ষিতে বাজেট পাশ হতেই পারে। তবে সভায় না থাকতে পারায় এক সহ-সভাপতির নোট অফ ডিসেন্ট থাকতে পারে। এমন দৃঢ়চেতা অবস্থানের প্রেক্ষিতে সভাপতি তাবিথ আউয়াল আজকের সভা স্থগিত করে আবার আগামীকাল বিকেল তিনটায় অনলাইনে নির্বাহী সভার পুনঃসময় ঠিক করেছেন।
২০২৬ সালের বাজেট আলোচনার পাশাপাশি ২০২৫ সালের বাজেট পর্যালোচনা এজেন্ডা নিয়েও ব্যাপক প্রশ্ন উঠেছিল। বাজেট পর্যালোচনার আগে প্রয়োজন অডিট। সেই অডিট অসম্পূর্ণ এবং ইন্টারনাল অডিট কমিটির অনুমোদনের আগে নির্বাহী সভায় কেন? নির্বাহী কমিটির কর্মকর্তারা এমন প্রশ্নের কোনো সদুত্তর পাননি।
আজকের সভায় বাজেটের পাশাপাশি ২২ মে এজিএমে কাউন্সিলরদের টিএ/ডিএ প্রদান নিয়েও সামান্য আলোচনা হয়েছে। কাউন্সিলরদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়ার প্রাথমিক আলাপও হয়। এর সাথে কোনো গিফট থাকবে কি না- এটা নিয়ে আলাপ হলেও অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।