ঝড়ো সেঞ্চুরিতে হায়দরাবাদকে জেতালেন উসমান

ঝড়ো সেঞ্চুরিতে হায়দরাবাদকে জেতালেন উসমান

সংগৃহীত ছবি

প্রথম বলেই আউট হতে পারতেন উসমান খান। কিন্তু কিপার ও ফিল্ডারদের নজর এড়িয়ে বেঁচে যান তিনি। সেই জীবন পেয়েই পরে খেললেন বিধ্বংসী ইনিংস, গড়লেন রেকর্ড এবং দলকে এনে দিলেন দুর্দান্ত জয়।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার মুলতান সুলতান্সের বিপক্ষে ২১৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ বলে সেঞ্চুরি করেন উসমান। ১০টি ছক্কা ও ৫টি চারে ৪৭ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলেন পাকিস্তানি এই ব্যাটার। তার ব্যাটে ভর করে হায়দরাবাদ কিংসমেন ৪ উইকেটে জয় পায়, হাতে ছিল ৩ বল।

উসমানের এই ইনিংসের শুরুতেই নাটকীয়তা ছিল। মুহাম্মদ ইসমাইল পরপর দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিলেন। পরের বলটি উসমানের ব্যাটে লেগে কিপারের গ্লাভসে গেলেও কেউ আবেদন করেননি। রিপ্লেতে দেখা যায়, স্পষ্ট এজ হয়েছিল। ফলে জীবন পান উসমান, আর সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়।

এরপর ইসমাইলের শেষ বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন পাল্টা আক্রমণ। পরের ওভারগুলোতে একের পর এক বাউন্ডারি ও ছক্কায় দ্রুত ফিফটি পূর্ণ করেন মাত্র ২০ বলে।

এই সেঞ্চুরির মাধ্যমে পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চারটি শতকের মালিক হলেন উসমান খান। এর আগে তিনটি করে সেঞ্চুরি ছিল কামরান আকমল, রাইলি রুশো, ফাখার জামান ও বাবর আজমের।

চতুর্থ উইকেটে অধিনায়ক মার্নাস লাবুশেনের সঙ্গে ৬৪ বলে ১২৩ রানের জুটি গড়েন উসমান। লাবুশেন ৪১ বলে ৬১ রান করেন।

এক পর্যায়ে উসমান ও গ্লেন ম্যাক্সওয়েল দ্রুত আউট হলে ম্যাচে উত্তেজনা ফেরে। তবে শেষদিকে হাসান খানের ৬ বলে ২৪ অপরাজিত এবং ইরফান খানের ছোট্ট ক্যামিওতে জয় নিশ্চিত করে কিংসমেন।

উসমানের ঝড়ো সেঞ্চুরিতে আড়ালে পড়ে যায় স্টিভেন স্মিথের দুর্দান্ত ইনিংসও। মুলতান সুলতান্সের হয়ে অস্ট্রেলিয়ান তারকা স্মিথ ৫০ বলে ১০৬ রান করেছিলেন।