নরসিংদীতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখেরও বেশি জরিমানা

নরসিংদীতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখেরও বেশি জরিমানা

সংগৃহীত

নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া ও পলাশের কুটিরপাড়া মহল্লায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।

নরসিংদী তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জরুরি) প্রকৌশলী আহম্মদ উল্লাহ জানান, অভিযানে বিভিন্ন বাসা বাড়িতে চুলায় থাকা অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সাথে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে নগদ ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন, নরসিংদী তিতাস গ্যাসের ঘোড়াশাল জোনাল বিক্রয় অফিসের প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী এস এম ফজলুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।