নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি-সেমিনার

নরসিংদীতে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক র‍্যালি-সেমিনার

সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক দিনব্যাপী র‍্যালি ও সেমিনার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নরসিংদী জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শিশু একাডেমিতে আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন ব্যাংকের ১৬৬টি শাখার ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসি লিড ব্যাংক হিসেবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও আর্থিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে।
সেমিনারে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবার সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। এছাড়া সচেতনতামূলক ক্যাম্পেইন এবং কিউআর পেমেন্টে বিশেষ ছাড়ের বিষয়েও আলোকপাত করা হয়।

এ সময় বক্তারা নগদ লেনদেনের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে দ্রুত ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করার আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১ এর পরিচালক আ ন ম মঈনুল কবীর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক এবং ব্যাংক এশিয়া পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মির্জা আজহার আহমদ।