ঝিনাইদহে বাসের বক্সে ছাগল বহন, ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে বাসের বক্সে ছাগল বহন, ৫০ হাজার টাকা জরিমানা

সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে পশুর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে ছাগল ব্যবসায়ী ও যাত্রীবাহী পরিবহনের চালকসহ ৪ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক ওই জরিমানা আদায় করেন।

জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী মিলন হোসেন সেন্টমার্টিন পরিবহনের লাগেজ বক্সে মধ্যে ১২টি ছাগল ও দুটি কার্টনে ১০০ কেজি মাংস চট্রগ্রামে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে প্রশাসনের একটি টিম বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহনের বক্সে থেকে ছাগল ও মাংস উদ্ধার করা হয়।

এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুরাইন ঘটনাস্থলে এসে মাংস পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি জানান, পশু পরিবহনে অমানবিক আচরণ করা হয়েছে। এ অভিযোগে ২০১৯ এর ১৬ (ক) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছাগী ব্যবসায়ী মিলন, পরিবহনের ড্রাইভার রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম ও হেলপার রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উন্মুক্ত ট্রাকে করে পশু পরিবহনের নিয়ম রয়েছে। কিন্তু ছাগল ব্যবসায়ী ও ওই পরিবহনের স্টাফরা লাগেজ বক্সে করে পশু নিয়ে যাচ্ছিল। যা অমানবিক ও পশুর প্রতি নিষ্ঠুরতা। এ কারণে প্রাণী সুরক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হয়।