চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে ২১ জন আহত
ফাইল ছবি
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ২১ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রপুল গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা পর্যটকবাহী একটি বাস কক্সবাজার যাচ্ছিল।
ওই সময় চট্টগ্রাম যাওয়ার পথে আরেকটি বাসের সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. তৃষ্ণা সরকার জানান, দুর্ঘটনায় আহত ২১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মো. সুমন (১৬) ও কুমিল্লার সালাউদ্দিন (২৫) নামের দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।