বগুড়ায় ইয়াবাসহ ‌এক ব্যক্তি আটক

বগুড়ায় ইয়াবাসহ ‌এক ব্যক্তি আটক

ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ শাহ আলম সরদার (৩৯) নামের একজনকে আটক করেছে র‍্যাব-১২। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার মহাস্থান-রংপুর মহাসড়কের মালাহার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

আটক শাহ আলম সরদার ফরিদপুর সদর উপজেলার কুঠিবাড়ি মহল্লার মৃত হাসেম আলীর ছেলে। র‍্যাবের দাবি, শাহ আলম একজন মাদক কারবারি এবং তিনি যাত্রীবেশে ঢাকা থেকে উত্তরের জেলায় মাদক সরবরাহ করছিলেন।

শুক্রবার (২৪ এপ্রিল) র‍্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) ফিরোজ আহমেদ জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি বাসে মাদক পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের মালাহার পূর্বপাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। বাসটি থামিয়ে তল্লাশি করার সময় শাহ আলমের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহ আলম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।