মৎস্য দপ্তরের কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা

মৎস্য দপ্তরের কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা

ফাইল ছবি

জাটকা ইলিশ রক্ষা অভিযানে যাওয়ার পথে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলা হয়েছে। এ ঘটনায় শুক্রবার মেহেন্দিগঞ্জ থানায় ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে।  

বৃহস্পতিবার রাত ১২টার দিকে জাটকা বিরোধী অভিযানে যাওয়ার সময় মেহেন্দিগঞ্জ উপজেলার পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল স্টেডিয়াম এলাকায় স্থানীয় মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার ও জহির মাতুব্বরসহ ২০/২৫ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিতভাবে হামলা চালায়। হামলায় উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড এসিস্টেন্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন আহত হয়।

হামলাকারীরা মৎস্য অধিদপ্তরের অভিযানিক দলের ব্যবহৃত একটি মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করেছে।

এ ঘটনায় মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে উপজেলার চুনারচর গ্রামের মোহাম্মদ হোসেন গাজীসহ ১৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।  

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।