ফতুল্লায় ঝুটের গোডাউনসহ প্রায় ২০ দোকানে আগুন

ফতুল্লায় ঝুটের গোডাউনসহ প্রায় ২০ দোকানে আগুন

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কায়েমপুর এলাকায় ঝুটের গোডাউনসহ প্রায় ২০টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাতে কারাগারের পাশের এলাকায় এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ফেরদাউস জানান, একটি ছোট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরটি তালাবদ্ধ থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়নি এবং পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, সেখানে প্রায় ২০টি দোকান ছিল এবং প্রতিটিতে উল্লেখযোগ্য পরিমাণ মালামাল ছিল।

আরেক ক্ষতিগ্রস্ত বাবু দাবি করেন, আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে আরও চারটি ইউনিট যোগ দেয়। চারদিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাশের একটি ১০ তলা ভবন থেকে আটকে পড়া লোকজনকেও উদ্ধার করা হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রাথমিকভাবে ঝুট কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।