লুঙ্গি-গামছায় এমপি, কোদাল হাতে খাল খননের উদ্বোধন
সংগৃহীত ছবি
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রতীক্ষিত খাল পুনঃখনন কাজের উদ্বোধনে দেখা গেছে ব্যতিক্রমী দৃশ্য। লুঙ্গি-গামছা পরে হাতে কোদাল নিয়ে শুক্রবার খাল কাটার কাজ উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকল্প সূত্রে জানা গেছে, সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের আওতায় দাসেরহাট থেকে আনোয়ারা মেম্বারের বাড়ি হয়ে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স অতিক্রম করে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ খাল পুনঃখনন করা হবে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা।
দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভোগা এলাকাবাসীর প্রত্যাশা, খাল পুনঃখনন সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং যোগাযোগ ব্যবস্থাও সহজ হবে।
তবে পুরো আয়োজনের সবচেয়ে আলোচিত দিক ছিল এমপির সাধারণ মানুষের মতো অংশগ্রহণ। লুঙ্গি-গামছা পরে নিজ হাতে মাটি কাটার দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে দেখছেন।