হায়দরাবাদকে উড়িয়ে প্লে-অফে ইসলামাবাদ
সংগৃহীত
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর গুরুত্বপূর্ণ ম্যাচে একেবারে একতরফা লড়াইয়ে হায়দরাবাদ কিংসম্যানকে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। ৮ উইকেটের বিশাল জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।
শুক্রবার (২৪ এপ্রিল) করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ইসলামাবাদ। ইনিংসের শুরুতেই আগুন ঝরান ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন। মাত্র ৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে হায়দরাবাদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন তিনি। এরপর অধিনায়ক শাদাব খান এবং ইমাদ ওয়াসিম মাঝের ওভারে আরও ৩টি করে উইকেট শিকার করে প্রতিপক্ষকে পুরোপুরি ছিটকে দেন।
হায়দরাবাদের হয়ে একমাত্র লড়াই করেন উসমান খান। তিনি ৩৫ বলে ২৫ রান করেন। এছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ১৫.৫ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায় দলটি—যা পিএসএলের ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন সংগ্রহ।
সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই ডেভন কনওয়ে ফিরলেও এরপর ঝড় তোলেন মহসিন রিয়াজ। মাত্র ১৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংসে ম্যাচ শেষের পথ সহজ করে দেন তিনি। আর সমির মিনহাস ২০ বলে ২৭ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। শেষদিকে শাদাব ১ বলেই ৪ মেরে ম্যাচ শেষ করেন।
৮০ বল হাতে রেখে জয় পাওয়া ইসলামাবাদের নেট রানরেটেও বড় প্রভাব ফেলেছে। এই জয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, হায়দরাবাদের প্লে-অফের আশা এখন ঝুলে আছে শেষ ম্যাচের ফলের ওপর।