গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ফাইল ছবি
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় শ্রী রকেট মুরমু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত রকেট মুরমু দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া দামোদরপুর এলাকার শ্রী শিমুল মুরমুর ছেলে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে বসে রকেট মুরমু নিজেই নিজের মাথায় ইটদিয়ে আঘাত করছিলো। এতে তার মাথা দিয়ে রক্তও ঝড়ছিলো। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে রকেট মুরমু রাস্তার মাঝে দৌড় দেয়। এসময় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থালেও তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে নিহতের মরদেহ স্বজদের কাছে হস্তান্তর করা হয়েছে।