রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাফিজুর রহমান হিরণ নামের এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল হাফিজুর রহমান হিরণকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়েছে। শনিবার ভোর তিনটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রবাসী হাফিজুর রহমান হিরন জানান, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে প্রবাস জীবন পার করছেন। গত শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরেছেন। শনিবার ভোর তিনটার দিকে ১২ থেকে ১৫ জনের একদল ডাকাত বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্র হাতে নিয়ে হাফিজুর রহমান হিরনকে হাত-পা বেঁধে ফেলে। এরপর কোন প্রকার শব্দ করলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ সময় ঘরে থাকা নগদ টাকা, বিদেশি মুদ্রাসহ ঘরে থাকা মূল্যবান কাপড়-চোপড় ও অন্যান্য মালামাল লুট করে নেয়। ভোর চারটার দিকে ডাকাতি শেষে ডাকাতরা পালিয়ে যায়। পরে হাফিজুর রহমান হিরন পুলিশের সহযোগিতা চাইতে ৯৯৯ নম্বরে কল করেন। পুলিশ তখন তাকে রূপগঞ্জ থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে তিনি রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।