শিক্ষার পরিবেশ নিশ্চিত হলে সুন্দর সমাজ গড়া সম্ভব: এমপি মান্নান
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান বলেছেন, শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে, সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একত্রে কাজ করতে হবে।
শনিবার বিকালে সোনারগাঁ উপজেলার বারদী এলাকায় শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মছলন্দপুর সমাজ কল্যাণ সংসদ এ আয়োজন করে।
এমপি আরও বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় নয়, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে হবে।
মছলন্দপুর সমাজ কল্যাণ সংসদের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন দিপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুসহ অনেকে।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।