মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

সংগৃহীত ছবি

 

মাগুরায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে শহরের স্টেডিয়াম সংলগ্ন শিশু মাঠে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আক্তার হোসেন। এছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মাগুরায় শিল্প ও বাণিজ্য মেলার ঐতিহ্য দীর্ঘদিনের। মাগুরা চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত এই মেলায় স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য এবং কুটির শিল্পীরা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন। পাশাপাশি মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কৃষ্টি ও সংস্কৃতির বিকাশ ঘটবে।

তিনি আরও বলেন, সামনে এইচএসসি পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বিবেচনায় মেলাটি শহরের কেন্দ্র থেকে সরিয়ে তুলনামূলক নিরিবিলি স্থানে আয়োজন করা হয়েছে। সাধারণত সন্ধ্যার পর মেলা জমে ওঠে, তাই এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।