ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার লাশ উদ্ধার

ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার লাশ উদ্ধার

প্রতিকি ছবি

ভাঙ্গায় শেখ রাজু ইসলাম (৩৬) নামক এক শিক্ষ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার বিকাল সোয়া ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া মহল্লার ছয় তলা আবাসিক ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

শেখ রাজু ইসলাম গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

তিনি স্ত্রী, দুই সন্তান, শাশুড়িসহ ওই বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মউতলা গ্রামে। তিনি ওই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে এবং ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা হ্যাপি আক্তারের স্বামী। তাদের আরিসা (৬) ও আমেনা (৪) নামে দুটি কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর  দেড়টার দিকে ঘরের ফ্যান ঝুলানোর আংটার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে তার স্ত্রী ও এলাকাবাসী লাশটি নামায়। তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে ভাঙ্গা থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার বাসা থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহত রাজু শেখের স্ত্রী হ্যাপি আক্তার জানান, দুপুর পৌনে ১টার দিকে আমি স্কুল থেকে বারবার বাসার ফোন করে মেয়েদের সাথে কথা বলতে চাই। কিন্তু মেয়েরা ফোন কেটে দেয়। তারা বলে, বাবা রশি...। তৎক্ষণাৎ আমি বাসার দিকে রওনা হই। এলাকার লোকজনকে নিয়ে বাসায় গিয়ে দেখি আমার স্বামীর লাশ ঝুলছে। পরে থানায় খবর দেই।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল রিপোর্ট করার পরে পোস্টমর্টেম করার জন্য নিহতের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।