গুপ্ত রাজনীতির প্রতিবাদে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ
সংগৃহীত
চট্রগ্রামের সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর শিবিরের হামলার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে মাগুরার শ্রীপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় শ্রীপুর সরকারি কলেজের শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরের নেতৃত্বে উপজেলার মদনপুর ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সমাবেশে সমবেত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম বাবলু মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রোমান, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রা রুখে দিতে জামাত-শিবির গুপ্তভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের সকল নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ছাত্রদলের এই নেতা আরও বলেন, দেশের শান্তি, উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বাধীনতার চেতনা, গণতন্ত্র ও উন্নয়নের ধারা বজায় রাখতে ছাত্রসমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।