পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আব্দুর রউফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে দুপচাঁচিয়া পৌর এলাকার বন বিভাগের একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ উপজেলার জে কে কলেজ এলাকার প্রবাসী মুকুল হোসেনের ছেলে।
জানা গেছে, রবিবার দুপুর পৌনে একটার দিকে শিশু আব্দুর রউফ পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পাশের বন বিভাগের সরকারি পুকুরে গোসল করতে যায়।
একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। শিশুটির এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।