ফেসবুক প্রোফাইল গুগল সার্চ থেকে সরিয়ে ফেলার উপায়
ছবি: সংগৃহীত
অনেকেই চান না তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল বা তথ্য গুগল সার্চে আসুক। গুগলে নিজের নাম লিখে সার্চ দিলে যদি ফেসবুক প্রোফাইলটি সবার সামনে চলে আসে, তবে অনেক সময় ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির ঝুঁকি থাকে। আপনি চাইলে খুব সহজেই ফেসবুকের সেটিংস থেকে এটি বন্ধ করতে পারেন।
আপনার ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে ফেসবুক প্রোফাইল গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে আড়াল করার উপায় জানুন এই প্রতিবেদনে।
কেন ফেসবুক প্রোফাইল গুগলে দেখায়?
ফেসবুকের ডিফল্ট সেটিংস অনুযায়ী, সার্চ ইঞ্জিনগুলোকে প্রোফাইল ইনডেক্স করার অনুমতি দেওয়া থাকে। এর ফলে কেউ যখন গুগলে আপনার নাম লিখে সার্চ দেয়, তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিংকটি ফলাফলে চলে আসে। এটি বন্ধ করলে আপনার প্রোফাইলটি আর সরাসরি পাবলিকলি সার্চ রেজাল্টে দেখা যাবে না।
গুগল সার্চ থেকে প্রোফাইল সরানোর নিয়ম-
ফেসবুক অ্যাপ বা কম্পিউটার থেকে খুব সহজেই নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি এটি বন্ধ করতে পারেন-
১. সেটিংস অ্যান্ড প্রাইভেসি: প্রথমে আপনার ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট থেকে 'Settings & Privacy' অপশনে যান এবং এরপর 'Settings'-এ ক্লিক করুন।
২. হাউ পিপল ফাইন্ড ইউ: সেটিংস মেনু থেকে বাম দিকে বা স্ক্রল করে নিচের দিকে 'How people find and contact you' অপশনটি খুঁজে বের করুন।
৩. সার্চ ইঞ্জিন ইনডেক্সিং: এখানে একদম নিচে একটি অপশন পাবেন 'Do you want search engines outside of Facebook to link to your profile?'
৪. সেটিংস পরিবর্তন: এই অপশনটির পাশে থাকা 'Edit' বাটনে ক্লিক করুন এবং সেখানে থাকা টিক চিহ্নটি তুলে দিন (Uncheck)।
৫. নিশ্চিত করুন: টিক চিহ্ন তুলে দেওয়ার পর একটি পপ-আপ মেসেজ আসবে, সেখানে 'Disable' বাটনে ক্লিক করে নিশ্চিত করুন।
এটি কার্যকর হতে কতদিন সময় লাগে?
আপনি ফেসবুক থেকে এই সেটিংসটি বন্ধ করার সাথে সাথেই কিন্তু গুগল থেকে আপনার প্রোফাইলটি উধাও হয়ে যাবে না। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন তাদের তথ্য নিয়মিত আপডেট বা রি-ইনডেক্স করে। তাই আপনার প্রোফাইলটি সার্চ রেজাল্ট থেকে পুরোপুরি মুছে যেতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
আরও পড়ুন: ফেসবুক ব্যবহারের ন্যূনতম বয়স কত?
আপনার প্রাইভেসির সুরক্ষা আরও মজবুত করতে চাইলে ফেসবুকের 'Privacy Checkup' টুলটি ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে আপনার পোস্ট কারা দেখবে, কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, এই বিষয়গুলোও নিয়ন্ত্রণ করা সম্ভব।