চট্টগ্রামে ১৮ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামে ১৮ মামলার আসামি গ্রেফতার

প্রতিকি ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ওসমান গণি ওরফে মনাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিবি। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমান গণি ওরফে মনা শীর্ষ সন্ত্রাসী।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিনটি একনলা শর্টগান, ১১ রাউন্ড পিস্তলের তাজা গুলি, রাইফেলের গুলি, ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, একটি চাপাতি, সুইচ গিয়ার চাকু, নগদ ৫১ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দেওয়া এবং অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির সাথে সম্পৃক্ততার বিষয়েও তথ্য দিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুই আসামি হৃদয় (৩০) ও রাজু’র (৩২) বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃত মনার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে।