চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্য মারধরের ঘটনায় গ্রেফতার ৩
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে এক পুলিশ কনস্টেবল মারধরের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গোমস্তাপুর থানায় ৬ জনকে অভিযুক্ত করে মামলা করে পুলিশ।
জানত চাইলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম বলেন, মামলা হওয়ার পর রাতেই অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলার মূল আসামিসহ পলাতক ৩ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, কনস্টেবল শওকত হোসেন পাম্পের ক্যাশ কাউন্টারের পাশে মোবিল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেখানে পাম্প কর্মীদের কাছ থেকে নির্ধারিত স্লিপ জমা দিয়ে তিনি অপেক্ষা করছিলেন।
এ সময় গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রায়হান তাকে চলে যেতে বলেন। পরিচয় দিয়ে মোবিল নেওয়ার অনুরোধ করলে একপর্যায়ে রায়হান ক্ষিপ্ত হয়ে শওকত হোসেনকে মারধর করেন বলে অভিযোগ পুলিশের। পরে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।