গাজীপুরে সিএনজিকে ট্রাকের ধাক্কা, এএসসি শিক্ষার্থীসহ আহত ৬

গাজীপুরে সিএনজিকে ট্রাকের ধাক্কা, এএসসি শিক্ষার্থীসহ আহত ৬

ফাইল ছবি

 

গাজীপুরের শ্রীপুরে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যাওয়ার সময় সিএনজি অটোরিকশার সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশায় থাকা পাঁচ এসএসসি পরীক্ষার্থী ও সিএনজি চালক আহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ট্রাক আটক করা হয়েছে। সিএনজি ও ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, শ্রীপুরের দক্ষিণ ধনুয়া গ্রামের জাহিদ হাসান (১৬), আবির (১৬) সজীব (১৬), আহাদ (১৬) ও পাপ্পু (১৬)। তারা সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষার্থী। সকালে তারা শ্রীপুর পৌরসভার আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কবলে পরে আহত হয়।

আহত পরীক্ষার্থী জাহিদ হাসানের বাবা মজনু মিয়া জানান, আহতরা সকলেই হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ সকালে তারা ৫ পরীক্ষার্থী একটি সিএনজি যোগে শ্রীপুর পৌরসভার আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাকে সাথে সংঘর্ষ হয়। এতে তারা পাঁচজনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক আহাদ, সজিব ও পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জাহিদ ও আবিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়ে আহতবস্থায় তারা পরীক্ষায় অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের কেন্দ্র সচিব আবুল কালাম আজাদ বলেন, দুপুর ১২ টার একটু আগে দু’জন আহত পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেছে। তারা দু’জন পরীক্ষায় অংশ নিয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ঘটনার পরপরই চালকসহ ট্রাক ও সিএনজি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সিএনজি চালকও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঁইয়া বলেন, দুর্ঘটনায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে। দু’জন পরীক্ষায় অংশ নিলেও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনজনের বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কর্তৃপক্ষ তিনজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।