ফেনীতে ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, বিপর্যস্ত জনজীবন
সংগৃহীত ছবি
ফেনীতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১২৯ মিলিমিটার তুমুল বৃষ্টি হয়েছে। এর মধ্যে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা চলতি বছরে জেলায় সর্বোচ্চ। আকস্মিক এই অতিপ্রবল বর্ষণে সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা।
সরেজমিনে দেখা গেছে, টানা বর্ষণে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক, পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকা, শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পানি জমে যায়। নিচু সড়কগুলো কয়েক ফুট পানির নিচে তলিয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়, অলিগলি থেকে শুরু করে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে পানি।
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, ‘টানা বর্ষণের কারণে ড্রেন ও খাল দিয়ে পানি নামতে সময় লাগছে। ফলে শহরের বিভিন্ন সড়কে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার ১২টি টিম মাঠে কাজ করছে।’
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ‘এর মধ্যে শেষ এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। আগামী ২-৩ দিন জেলাজুড়ে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়াবিদদের মতে, কোনো নির্দিষ্ট স্থানে এক ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘মেঘ বিস্ফোরণ’ বলা হয়। সে হিসেবে ফেনীতে হওয়া বৃষ্টিপাত স্বাভাবিক সীমার চেয়েও বেশি।