১২৫ বছর পর ডায়ালাইসিস সেবা চালু

১২৫ বছর পর ডায়ালাইসিস সেবা চালু

সংগৃহীত ছবি

১২৫ বছর পর চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থাপন করা হলো কিডনি ডায়ালাইসিস মেশিন। গতকাল সোমবার রাতে সংকটাপন্ন এক কিডনি রোগীর ডায়ালাইসিসের মাধ্যমে এ সেবা চালু হয়েছে। 

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেন এটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হাসপাতালটি ১৯০১ সালো প্রতিষ্ঠিত হলেও এ পর্যন্ত কোনো কিডনি ডায়ালাইসিস মেশিন ছিল না।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ ক্রমবর্ধমান রোগীর চাহিদা বিবেচনায় ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ২০ শয্যার একটি স্বতন্ত্র ডায়ালাইসিস ইউনিট স্থাপনের পূর্ণাঙ্গ প্রস্তাবনা পাঠিয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. একরাম হোসেন বলেন, ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। আইসিইউতে ভর্তি রোগীকে প্রথমবারের মতো রেফার না করে ডায়ালাইসিস দেওয়া হয়েছে। কিডনি রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ কমাতে এ উদ্যোগ নেওয়া হলো। জনবল ও লজিস্টিক সাপোর্ট পেলে ডায়ালাইসিস সেবা সক্ষমতা বাড়ানো যাবে।

হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে একটি ডায়ালাইসিস মেশিন চালু করা হয়েছে। এটি দিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের প্রয়োজনীয় ডায়ালাইসিস করা হবে। আগামীতে এই সেবা আরও বৃদ্ধি করা হবে।