মাগুরায় আলোচিত পবন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

মাগুরায় আলোচিত পবন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন

ফাইল ছবি

মাগুরার আলোচিত পবন মোল্লা হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নাছির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার মোট আট আসামির মধ্যে ১ নম্বর আসামি আব্দুল জলিল মোল্লা, ২ নম্বর আসামি লিয়াকত আলী, ৩ নম্বর আসামি নওশের মোল্লা, ৬ নম্বর আসামি হালিম, ১১ নম্বর আসামি সাবু ও ১৫ নম্বর আসামি জহুরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৮ নম্বর আসামি সিদ্দিক মাস্টারকে দুই বছরের এবং ৭ নম্বর আসামি আকবরকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাকাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর মাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামে নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের হামলায় পবন মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ হামলায় আরও কয়েকজন আহত হন।

এ ঘটনায় ওই দিনই নিহতের চাচা আকমল মোল্লা ২৪ জনকে আসামি করে মাগুরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১৭ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ রশিদ বলেন, দীর্ঘদিন পর হলেও এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যদিও মামলার বাদী আকমল মোল্লা জীবদ্দশায় রায় দেখে যেতে পারেননি।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের স্বজনরা। তবে আসামিপক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।