হবিগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিকি ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে রবিন মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রবিন উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে এবং চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ঝড়-বৃষ্টির সময় রবিন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে হঠাৎ বজ্রাঘাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) মৃদুল হাসান তরফদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তিনি আরও জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।