৩১ দফা বাস্তবায়ন চায় শ্রমিক কল্যাণ ফেডারেশন
সংগৃহীত ছবি
শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর ও জেলা শাখা। মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, ১৮৮৬ সালের পর থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হলেও শ্রমিকদের দাবিগুলো যথাযথভাবে পূরণ হয়নি। শ্রমিকদের কল্যাণে ৩১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
দাবিগুলোর মধ্যে রয়েছে— অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আইনি সুরক্ষা প্রদান, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ, চাকরির নিয়োগপত্র নিশ্চিত করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা।
এছাড়া সংসদ নির্বাচনে শ্রমিকদের জন্য ৩০টি সংরক্ষিত আসন বরাদ্দ করা হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য শিক্ষা, চিকিৎসা ও আবাসন সুবিধাসম্পন্ন শ্রম কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠারও জোর দাবি জানান তিনি।
এ সময় কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, জেলার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, পরিবহন শ্রমিক ফেডারেশনের বগুড়া অঞ্চলের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ আসলাম, মহানগর সহ-সভাপতি মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব এলাকায় শ্রমিকের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়।