বরিশালে খালের কিনারায় গলিত তরুণীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি
বরিশালের হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় খালের কিনারায় আটকে থাকা অজ্ঞাত এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে হিজলা নৌ পুলিশ।
মঙ্গলবার সকালে স্থানীয় জেলেরা মাছ শিকারের জন্য নদীতে যাওয়ার পথে খালের পাশে লাশটি দেখতে পান। পরে তারা ৯৯৯ নম্বরে কল দিলে বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
তিনি জানান, জোয়ারের সময় মেঘনা নদী থেকে ভেসে এসে লাশটি খালের কিনারায় আটকে যায়। লাশটি এতটাই পচে গেছে যে সিআইডি হাতের আঙুলের ছাপ দিয়েও পরিচয় শনাক্ত করতে পারেনি। এখন ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি ২০ থেকে ২২ বছর বয়সী কোনো তরুণীর। লাশের পচনের অবস্থা দেখে মনে হচ্ছে প্রায় ১০ থেকে ১২ দিন আগে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। পরিচয় শনাক্তে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।