মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছরের কারাদণ্ড
ফাইল ছবি
মাদক মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে ভুট্টা নিয়ে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ গাড়িটি তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৩৪৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে।
এ সময় পুলিশ তাকে এবং তার সহযোগী সেকেন্দার আলীকে আটক করে। পরে লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে।