নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ গ্রেফতার ৭
প্রতিকি ছবি
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি অস্ত্র ও ট্রাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকার শহিদুলের ছ’মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আজাহার আলী, জাহাঙ্গীর আলম, সৈকত, আবু হোসেন, হাসান, বগুড়া জেলার গাবতলী উপজেলার রনি ও হামিদুল ইসলাম।
পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সদর উপজেলার সান্তাহার-নাটোর সড়কে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র, ট্রাক নিয়ে অন্যান্য যানবাহনে ডাকাতি করার জন্য অবস্থান করছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত ৩টার দিকে সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান।
তবে সাতজনকে গ্রেফতার করা হয়।
এ সময় আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশি অস্ত্র, রেজিস্ট্রেশনবিহীন একটি ট্রাক, একটি মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত ভ্যান ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতাররা ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। ডাকাতি ও ছিনতাইয়ের উদ্দেশে তারা একত্রিত হয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এছাড়া তারা জয়পুরহাট ও বগুড়ায়সহ বিভিন্ন জায়গায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন।