বাকৃবিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন, ৩৯১ আসন ফাঁকা

বাকৃবিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন, ৩৯১ আসন ফাঁকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে চূড়ান্ত ভর্তি শেষে এখনও ৩৯১টি আসন শূন্য রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির।

ভর্তি প্রক্রিয়া শেষে দেখা যায়, ভেটেরিনারি অনুষদে ২০টি, কৃষি অনুষদে ১৬৮টি, পশুপালন অনুষদে ৯টি, কৃষি অর্থনীতি অনুষদে ২৬টি, কৃষি প্রকৌশল অনুষদে ৪৪টি, ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদে ২৩টি, বায়োইনফরমেটিক্স অনুষদে ১৪টি, মাৎস্যবিজ্ঞান অনুষদে ৩৫টি, ফুড সেফটি ম্যানেজমেন্ট অনুষদে ১১টি এবং ভেট সায়েন্স অ্যান্ড এএইচ অনুষদে ৪১টি আসন শূন্য রয়েছে।

গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া ৪ দিনের ভর্তি কার্যক্রম শেষে এ বছর মোট ১ হাজার ৬টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৬১৫ জন শিক্ষার্থী। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৩৫ জন ছাত্র এবং ২৮০ জন ছাত্রী রয়েছেন।

ভর্তি কমিটি জানিয়েছে, মেধাতালিকায় স্থান পেয়েও যারা নির্ধারিত সময়ে ভর্তি সম্পন্ন করেননি, তাদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। পরবর্তী ধাপে মাইগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে এই ফাঁকা আসনগুলো পূরণ করা হবে।