৮ কেজি হেরোইন, ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৬
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি হেরোইন, ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, ৫৫৯ বোতল ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তাররা হলো- মো. সালমান হোসেন (২১), মো. জাহাঙ্গীর আলম (৩৫), আবুল কালাম (৪১), মো. আশানুর (২৮), মো. হাসান (৩১) ও ময়ুরী (২৪)।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানাধীন শহীদ ক্যাপ্টেন মনছুর আলী স্মরণীর পি ডব্লিউ ডি স্টাফ কোয়াটার্স এলাকায় অভিযান চালিয়ে সালমান ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৮ কেজি হেরোইনসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপরদিকে, বুধবার সকালে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন কাপ্তান বাজার এলাকায় চালিয়ে করে আবুল কালামকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫৫ কেজি গাঁজাসহ মো. আশানুরকে গ্রেপ্তার করে। একইদিন সকালে ডিবি রমনা বিভাগ রমনা থানাধীন কাকরাইল সুপার মার্কেটস্থ স্টার বেকারীর সামনে অভিযান পরিচালনা করে মো. হাসান ও ময়ুরীকে ৫৫৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছে উক্ত ফেনসিডিলসহ মাদক কারবারিতে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তাররা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। তাদের আদালতে পাঠনো হয়েছে।