বাগেরহাটে বজ্রপাতে চার গরুর মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে চার গরুর মৃত্যু

প্রতিকি ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঝড়বৃষ্টির সময় বজ্রপাতে চারটি গরু মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার উত্তর কদমতলা, রাজাপুর ও উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানায়, বুধবার দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কবির হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। এময় বজ্রপাতে গোয়ালে বেঁধে রাখা দুইটি গরুর একটি মারা গেছে। অপর গরুটি অসুস্থ হয়ে পড়েছে। একই দিনে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের একটি, রাজাপুর গ্রামের ডালিম বয়াতী ও শহিদুল হাওলাদারের একটি করে গরু মাঠে থাকা অবস্থায় বজ্রপাতে মারা গেছে।

কৃষক কবির হোসেন জানান,দুপুরে ঝড়বৃষ্টির সময় তার গোয়ালঘরে বজ্রপাত হয়। বজ্রপাতে গোয়ালে বেঁধে রাখা দুইটি গরুর একটি মারা গেছে। অপর গরুটি অসুস্থ হয়ে পড়েছে। আসন্ন কোরবানীর হাটে বিক্রির জন্য তিনি দুইটি গরু লালন পালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

অপর দিকে বুধবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বাগেরহাট জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়োহাওয়ায় অনেক স্থানে গাছপালা ভেঙ্গে পড়েছে। গ্রামগুলোতে কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।