ভালুকায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাড়ির পাশের ডোবায় পড়ে মোহাম্মদ সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোন্তাজ উদ্দিন।
নিহত সাফওয়ান গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা হুসাইন আহমেদের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় একটি দোকান থেকে চিপস কিনে বাড়ি ফিরছিল সাফওয়ান। পথে গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি ডোবার কাছে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। পরে সে পানিতে ডুবে যায়।
শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবায় তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।