যেসব এলাকায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ফাইল ছবি
দেশের ওপর দিয়ে গত কয়েকদিন বজ্রসহ বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়। এ অবস্থায় শুক্রবার (১ মে) সকালের মধ্যে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহবৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহবৃষ্টিরও শঙ্কা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ওপর এক বার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে এই ঝড় বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসবে। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার, যা কোনো কোনো স্থানে তার চেয়েও বেশি বেগে আঘাত হানতে পারে।
কালবৈশাখীর এই তাণ্ডবের সঙ্গে যুক্ত হতে পারে প্রাণঘাতী বজ্রপাত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়ের সময় কালবৈশাখীর চিরাচরিত রূপ হিসেবে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আকাশ কালো করে আসা এই ঝড়ের সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।