কুড়িগ্রামে ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামে ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

সংগৃহীত

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ফিলিং স্টেশনকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় অবস্থিত মেসার্স আর.আর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ওজন, পরিমাপ ও মজুত সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হয়। এসময় দেখা যায়, প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৫২ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ৫০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছিল, যা ভোক্তার সঙ্গে প্রতারণার শামিল। অভিযানে আরও অনিয়ম ধরা পড়ে। ফিলিং স্টেশনের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের কোনো বৈধ ক্যালিব্রেশন চার্ট পাওয়া যায়নি। ব্যবহৃত ট্রাক ওয়েব্রিজেরও কোনো ভেরিফিকেশন সনদ ছিল না। এছাড়া অগ্নিনির্বাপক যন্ত্রপাতি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়, যা নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয়।

এসব অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮- এর বিভিন্ন ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম ও প্রকৌশলী তাদমিরা শারমিন।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুযায়ী সঠিক পরিমাপে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি দ্রুত বিএসটিআই রংপুর কার্যালয় থেকে প্রয়োজনীয় ভেরিফিকেশন সনদ নেয়ার জন্য বলা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাহাজিবুল ইসলাম জানান, ফিলিং স্টেশনে তেল সরবরাহে অনিয়ম ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।