গণতন্ত্র ও সংসদীয় বাস্তবতা নিয়ে জাবিতে আলোচনা

গণতন্ত্র ও সংসদীয় বাস্তবতা নিয়ে জাবিতে আলোচনা

সংগৃহীত

দেশের কার্যকর গণতন্ত্র ও সংসদীয় কাঠামোর জবাবদিহিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘গণতন্ত্রে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক একটি বিশেষ সেমিনার।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধানের প্রয়োগ এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, “কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় শুধু নির্বাচনই যথেষ্ট নয়; বরং রাষ্ট্রের প্রতিটি স্তরে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করা জরুরি।” এর জন্য রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, “এত বড় একটি গণঅভ্যুত্থানের পরও পুরনো সংবিধানের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সংবিধানকে শুধু আইনের ছাঁচে ব্যাখ্যা করলে চলবে না; সাংবিধানিক চেতনা বলতে জনগণের ইচ্ছাকেই বোঝায়। যুক্তরাজ্যের মতো সংসদীয় সার্বভৌমত্বের দেশেও জনগণের রায়কেই চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া হয়েছে। তাই আইনের দোহাই দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা বা জনগণের রায়কে অস্বীকার করার সুযোগ নেই।”

এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব রাজনৈতিক দলগুলোর অতীত ভূমিকার সমালোচনা করে বলেন, “বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে তরুণ প্রজন্ম ও রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের মানুষ অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দ্বারা প্রতারিত হয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থান, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এবং সর্বশেষ জুলাই

গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হলেও সেখানেও তারা প্রতারণার আশ্রয় নিয়েছে। বারবার এমন আচরণের পর মানুষ আবারও তাদের বিশ্বাস করবে, এটা ভাবা বোকামি।”

গণভোট ও রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গে এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “যে নেতা বা দল গণভোটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের ভোটারদের সঙ্গে প্রতারণা করে, তারা ক্ষমতায় গিয়ে ইশতেহার বাস্তবায়ন করবে, এমনটা মানুষ আর বিশ্বাস করে না।”

জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সভাপতিত্বে এবং জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবীবের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন ফাহিম মাসরুর, গণবিপ্লবী উদ্যোগের আহ্বায়ক আরিফ সোহেল, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) মুখপাত্র তুহিন খান এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।