রেসিপি : সুস্বাদু দই পটোল

রেসিপি : সুস্বাদু দই পটোল

ছবিঃ সংগৃহীত।

একই রকম রান্নার স্বাদে যখন প্রতিদিনের খাবার হয়ে ওঠে একঘেয়ে, তখন দরকার একটু ভিন্নতার ছোঁয়া।সেই ভিন্নতা আনতে পারে ঘরোয়া উপকরণেই তৈরি একটি সহজ অথচ সুস্বাদু পদ, নিরামিষ দই পটোল।

মসলার হালকা ঝাঁজ আর দইয়ের মোলায়েম স্বাদের মিশেলে তৈরি এই রান্না যেমন স্বাস্থ্যকর, তেমনি রুচিবর্ধকও। ভাতের কিংবা রুটি, দু’ভাবেই জমে যায় এই পদ, আর একঘেয়ামি কাটিয়ে এনে দেয় নতুন স্বাদের আনন্দ। রইলো রেসিপি-

উপকরণ

পটোল ৭-৮টি

জিরা গুঁড়ো ১ চা চামচ

ধনে গুঁড়ো ১ চা চামচ

লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ

হলুদ গুঁড়ো ১ চা চামচ

কাজুবাদাম টুকরো ২ টেবিল চামচ

টক দই ২ টেবিল চামচ

কাঁচা মরিচ ৩-৪টি

এলাচ ২ টি

দারুচিনি ২ টুকরো

লবঙ্গ ২টি

সর্ষের তেল

লবণ ও চিনি স্বাদমতো

পানি সিদ্ধর জন্য পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমেই পটোলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর আড়াআড়িভাবে পটোলগুলো একটু চিরে নিয়ে তাতে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে হালকা ভেজে নিন।

অন্যদিকে একটি বাটিতে এলাচ, দারুচিনি ও লবঙ্গ ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার পটল ভাজার কড়াইতে অল্প সরিষার তেলে এলাচ, দারুচিনি ও লবঙ্গ দিয়ে ফোঁড়ন দিন। এরপর তাতে পেস্ট করে রাখা মশলা দিয়ে ভালোভাবে কষান। কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা পটল দিয়ে দিন।

সবশেষে সিদ্ধ করার জন্য পরিমাণমতো পানি দিয়ে দিন। এবার ঢাকনা দিয়ে পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত রান্না করুন। ব্যস তৈরি হয়ে গেলে দারুণ স্বাদের নিরামিষ দই পটোল।