বানারীপাড়ায় জেলের মরদেহ উদ্ধার: স্ত্রী-সন্তান আটক
প্রতিকি ছবি
বরিশালের বানারীপাড়ায় হাবিবুর রহমান মোল্লা (৫০) নামে এক জেলেকে হত্যার অভিযোগে তার স্ত্রী ও সন্তানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মন্নান মোল্লার ছেলে। এই ঘটনায় তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও ছোট ছেলে সাগর মোল্লাকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বানারীপাড়া থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দা জালিস মাহমুদ জানান, সকালে হাবিবুর রহমানের মৃত্যুর খবর শুনে তারা ওই বাড়িতে যান। ঘরে গিয়ে দেখা যায়, নিহতের হাত গামছা দিয়ে বাঁধা এবং মুখে নখের আঁচড় ও রক্ত লেগে আছে। ওই সময় স্ত্রী ও সন্তান দাবি করেন, হাবিবুর হার্ট অ্যাটাকে মারা গেছেন। হাত শক্ত হয়ে যাওয়ায় তারা গামছা দিয়ে বেঁধে রেখেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মালয়েশিয়া প্রবাসী বড় ছেলের পাঠানো কিছু টাকা নিয়ে কলহের জেরে এ ঘটনা ঘটেছে।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান, নিহতের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করবেন।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী ও ছেলেকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তথ্য যাচাই-বাছাই চলছে। বিস্তারিত পরে জানানো হবে।