ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই

ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গিয়ে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি শর্টগান ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। চার ঘণ্টা পর অস্ত্রটি উদ্ধার করা হয়। এছাড়া সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

‎পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) (নিরস্ত্র) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিতে ছিলেন। এ সময় সিফাত ওরফে টুটুল (২৮), শাহারিয়া তানভীর (২৯) ও আবু সুফিয়ান ওরফে চমক (২৯) নামে তিন ব্যক্তি তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল হাবিব নগর রোডের গুলু মিয়ার বাড়িতে প্রাথমিক তদন্তে গেলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা কনস্টেবলের কাছে থাকা সরকারি শর্টগান ছিনিয়ে নেয়।

‎পরে খবর পেয়ে থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে পাঠানো হয়।

‎নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ছিনতাই হওয়া অস্ত্রটি সকালে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।