ময়মনসিংহে পার্কে হঠাৎ ভেঙে পড়ল নাগরদোলা, আহত ৫

ময়মনসিংহে পার্কে হঠাৎ ভেঙে পড়ল নাগরদোলা, আহত ৫

সংগৃহীত

ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে নাগরদোলা ভেঙে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১ মে) রাত পৌনে ৮টার দিকে পার্কের মূল গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের বাইরের অংশে অবৈধভাবে স্থাপন করা একটি নাগরদোলা স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করেই মাঝখান থেকে সেটি ভেঙে নিচে পড়ে যায়। এ সময় নাগরদোলায় থাকা শিশু-কিশোরসহ কয়েকজন আহত হন। এসময় পাশ দিয়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহীর ওপর নাগরদোলার অংশবিশেষ পড়ে, এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জোবায়দুল ইসলাম জানান, আহত পাঁচজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ভজন সরকার (৪০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

ঘটনার পরপরই পার্কে থাকা দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অভিযোগ করেন, পার্কের বাইরে দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিভিন্ন রাইড ও ব্যবসা পরিচালিত হচ্ছে। বিশেষ করে শিশুদের আকৃষ্ট করতে ঝুঁকিপূর্ণভাবে এসব নাগরদোলা চালানো হলেও কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।