বৌদ্ধদের ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থা চালুর আহ্বান নাহিদের
নাহিদ ইসলাম
বৌদ্ধদের ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার (২ মে) রাতে রাজধানীর বাড্ডায় বৌদ্ধ মন্দির পরিদর্শনে গিয়ে এই কথা আহ্বান জানান তিনি।
নির্বাচনে বিজয়ী করায় বাড্ডা এলাকার মানুষকে ধন্যবাদ জানিয়ে নাহিদ বলেন, ‘ঢাকা শহরেরই অন্যতম একটা কেন্দ্রবিন্দু বাড্ডার বৌদ্ধ মন্দির। যেহেতু পাঁচ বছরের সুযোগ পেয়েছি, এ সময়ে এই বৌদ্ধ বিহারের জন্য কিছু একটা করে যাওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশ সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বৈষম্যহীন দেশ গড়বো। এটাই তরুণ প্রজন্মের প্রত্যাশা।’
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘বৌদ্ধদের যে ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থা রয়েছে, এখানে সেটা চালু করার পরিকল্পনা রয়েছে আপনাদের। এই ধরনের কর্যক্রম কীভাবে আগানো যায়, সে বিষয়ে আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করব। আমি চেষ্টা করব আপনাদের এই কাজগুলো আদায় করতে। আশা করব সরকারও সেই সুযোগ দিবে।’
সেখানে উপস্থিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে মন্ত্রীর কাছে আবেদন থাকবে- দলমত নির্বিশেষে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারকে কীভাবে আরও উন্নত করা যায়, সেদিকে নজর দেন যেন।’
দেশকে নতুন করে গড়ে তুলতে চান জানিয়ে তিনি বেলন, ‘বৌদ্ধদের ঐতিহ্যগত শিক্ষা ব্যবস্থা কীভাবে চালু করা যায় তা নিয়ে কাজ করবো। আশা করি সরকারও কাজ করবে। আমরা তরুণ প্রজন্ম যাতে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।’