এবার সিনেমা নির্মাণ করবেন কাবিলা’খ্যাত পলাশ
এবার সিনেমা নির্মাণ করবেন কাবিলা’খ্যাত পলাশ।। ফাইল ছবি।
‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া জিয়াউল হক পলাশ এবার নির্মাণ করবেন সিনেমা। অভিনেতা পরিচয়ের বাইরেও তিনি যে একজন দক্ষ নির্মাতা হতে চেয়েছেন, সেই স্বপ্নের কথা জানিয়েছেন সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে পলাশ জানান, সিনেমা পরিচালনার জন্য তিনি ইতিমধ্যে দুটি গল্পের কাজ গুছিয়ে রেখেছেন। তবে সরাসরি সিনেমা নির্মাণের আগে তিনি একটি ফিকশন, একটি ওয়েব ফিল্ম ও একটি ওয়েব সিরিজ পরিচালনা করবেন। এরপরই বড়পর্দার কাজে হাত দেবেন।
জেড আই ফয়সাল প্রযোজিত এই বিশেষ পডকাস্টটি আজ শনিবার (২ মে) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।
নির্মাণের পাশাপাশি পলাশের সমাজসেবামূলক কর্মকাণ্ডও আলোচনায় এসেছে। তার প্রতিষ্ঠিত ‘ডাকবাক্স ফাউন্ডেশন’র মাধ্যমে চট্টগ্রামে নির্মিত হচ্ছে ব্রেস্ট ফিডিং সেন্টার ‘যতন’, যার কাজ প্রায় শেষ পর্যায়ে। পডকাস্টে তিনি তার এই মানবিক প্রজেক্টের বিস্তারিত তুলে ধরেছেন।
টানা আট বছর অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া পলাশ এখন সিনেমা পরিচালনা এবং সমাজসেবায় নিজেকে আরও জোরালোভাবে নিয়োজিত করতে চান।