রংপুরে জাল নোটসহ গ্রেফতার ২
ফাইল ছবি
রংপুরের পীরগাছায় জাল টাকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পীরগাছা থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে পীরগাছা আদালতে আবেদন করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে একটি বাড়ির উঠানে বুড়াগাজীর মেলা উপলক্ষে কয়েকজন ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করে। এসময় ধৃত মৃত মোতালেব হোসেনের ছেলে শাহাজুল ইসলামের (২৮) প্যান্টের ডান পকেট থেকে ৫০০ টাকার ৫টি জাল নোট এবং মৃত হাবিবুর রহমানের ছেলে সুমন মিয়ার (৩৩) শার্টের বুক পকেট থেকে ৫০০ টাকার ৩টি জাল নোট উদ্ধার করা হয়। তারা উভয়েই পীরগাছা উপজেলার হরিরাম এলাকার বাসিন্দা।
পীরগাছা থানার ওসি একেএম মহিদুল বলেন, এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা জানার জন্য আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এখনো রিমান্ড শুনানি হয়নি।