রামেক হাসপাতালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ থাকা জাকির নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টায় হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে ২২ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। জাকির কুড়িগ্রাম জেলার উলিপুরের সবুজ মিয়ার ছেলে।
গত ৩০ এপ্রিল রাত ১১টায় হামের উপসর্গ নিয়ে জাকিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ.ন. তানভীর চৌধুরী।
এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ৪৯ রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালে ৩০ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন রয়েছে। গত ৩০ মার্চ থেকে শনিবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ৮৭৭ জন রোগী শনাক্ত হয়েছে এবং ৮০৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭২ জন রোগী।