লালমনিরহাটে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

লালমনিরহাটে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (৩ মে) বিকেলে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি কমিউটার ট্রেন চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশের একটি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও অতিরিক্ত তাপের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।

পরবর্তীতে ত্রুটি মেরামত করে ট্রেনটি পুনরায় বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।