রাজধানীর বনানীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত এক
ফাইল ছবি
রাজধানীর বনানীতে বাসের চাপায় শাহাদাত (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাপ্পি (৩০) নামে এক পথযাত্রী পরিবহন চালক।
রবিবার বিকেল পাঁচটার দিকে বনানীর সেতুভবনের পাশে বিআরটিএ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার উপপরিদর্শক আবু রায়হান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে শাহাদাতের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আহত বাপ্পি পথযাত্রী পরিবহন চালক হিসেবে কাজ করেন এবং বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ জানায়, নিহত যুবকের নাম শাহাদাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় এবং পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। স্বজনরা এলে বিস্তারিত তথ্য নিশ্চিত করা যাবে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।