শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন।। প্রতীকী ছবি।
ফিলিপাইনের সামার দ্বীপে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টা বেজে ৯ মিনিটের দিকে কেঁপে ওঠে দ্বীপটি। সোমবার (৪ মে) সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনেএই তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৭৩ দশমিক ৩ কিলোমিটার (৪৫ মাইল) গভীরে, উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে আঘাত হানে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এএফপিকে জানান, ভূমিকম্পটি ‘শক্তিশালী ও আকস্মিক’ ছিল। যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, এখানে পুলিশ স্টেশনে, আমাদের ছাদ যে কড়িকাঠের সঙ্গে লাগানো ছিল তার একটি ভেঙে গেছে; আমি কিছু আসবাবপত্র নড়তে দেখেছি। আফটারশকের ভয়ে আমি এবং আমার সহকর্মীরা এখনো বাইরে আছি।
উল্লেখ্য, ফিলিপাইনে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়। এটি প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ এলাকার অন্যতম। গত বছরের অক্টোবরে কাছাকাছি জায়গায় ৭.৪ ও ৬.৭ মাত্রার দুই ভূমিকম্পে অন্তত আট ব্যক্তির প্রাণহানি হয়।