সিরাজগঞ্জে হাসিনা-কাদেরসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিরাজগঞ্জে হাসিনা-কাদেরসহ ৩৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে সংঘটিত তিনটি হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন।

পরোয়ানার তালিকায় আরও রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার অপু, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, পৌরসভার অপসারিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী জানান, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ১৯৫ জন আসামির মধ্যে ১২৫ জন পলাতক রয়েছেন। বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় ১৭৮ আসামির মধ্যে ১৩৩ জন এবং সুমন শেখ হত্যা মামলায় ১৭৬ আসামির মধ্যে ১১৯ জন পলাতক রয়েছেন। তিনটি মামলায় মোট পলাতক আসামির সংখ্যা ৩৭৭ জন।

তিনি আরও জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের স্বজনরা পৃথক তিনটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১০ নভেম্বর সদর থানা পুলিশ তিনটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে, যেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৪৯ জন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়।