বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা শুরু
ফাইল ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু করেছেন। সোমবার থেকে এ কার্যক্রম চালু করা হয়েছে। তবে উপাচার্যসহ সকল প্রশাসনিক কার্যক্রমের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন অব্যাহত রয়েছে।
পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা গত ২২ এপ্রিল থেকে আমরণ অনশন, কর্মবিরতি, সম্পূর্ণ অচলাবস্থা ও অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। এ পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান সংকট সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষকদের কর্মসূচি থেকে সরে এসে পাঠদান ও পরীক্ষা গ্রহণের আহ্বান জানানো হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক জানান, সোমবার থেকে পাঠদান ও পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। তবে উপাচার্য ও সকল প্রশাসনিক কার্যক্রমে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ৮ মে পর্যন্ত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় কোনো সিদ্ধান্ত না এলে ১০ মে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে শিক্ষক সমাজ বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ এপ্রিল উপাচার্য, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় কমিশনার ও ডিনদের ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, নীতিমালা ও চর্চা অনুসারে চলমান সংকট সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে ৩ মে অনুষ্ঠিত সাধারণ সভায় ৪ মে থেকে সকল ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের চলমান অসহযোগ আন্দোলন সকল প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে বহাল থাকবে। আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় সংকটের সমাধান না হলে ১০ মে থেকে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আরও তীব্র কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ।